কমলগঞ্জ প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শমশেরনগর বাজারের চৌমুহনা চত্বরে শারদীয় দুর্গাপূজার আগে নতুন মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় এই সড়কে চলাচলকারী যানবাহন প্রায় আধাঘণ্টা আটকে থাকে।
বিক্ষোভ মিছিলের আগে পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, ইউপি সদস্য ইয়াকুব আলী, চা শ্রমিক নেতা সীতারাম বীন, নারীনেত্রী মেরী রাল্ফ, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, চা শ্রমিক নেতা প্রমুখ।
পরে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে শমশেরনগর চা বাগানে ফিরে যান। এদিকে একই দাবীতে আলীনগর চা বাগানের চা শ্রমিকদের উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়।