Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৮৩ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

চুনারুঘাট প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে মণ্ডপগুলিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এ উপজেলায় ৮৩টি পূজামণ্ডপে প্রতিমা শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় ও হৃদয়ে ভালবাসা দিয়ে জোরগতিতে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জাঁকজমকপূর্ণ এ শারদীয় দুর্গোৎসব।

কিন্তু এবার বৈশ্বিক করোনা মহামারীর কারণে দুর্গোৎসবের আনন্দ তেমন নেই! তবুও দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুত উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।

পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, বৈশ্বিক করোনা মহামারীর কারণে জাঁকজমকপূর্ণ না করে নিয়ম রক্ষার্থে এ বছর শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। অন্যদিকে পূজা মণ্ডপগুলিতে জোরগতিতে চলছে প্রতিমা তৈরির কাজ।

চুনারুঘাট পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক প্রনয় পাল বলেন, এ বছর বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে "বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ" এর কেন্দ্রীয় কমিটি ও সরকারি দিক-নির্দেশনা মেনে এ উপজেলায় সবকটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

তিনি আরও বলেন, এ বছর চুনারুঘাট পৌরসভায় ৯টি, বিভিন্ন চা বাগানে ২৮টি, বিভিন্ন গ্রামে ৪৬টি ও ব্যক্তিগত ১১টি, সার্বজনীন ৭২টিসহ সর্বমোট ৮৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.