Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কিশোরী ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় আদমপুর ইউনিয়নের আধকানি উপজেলা বাজারে ধনাই মিয়ার কিশোরী মেয়ে (১৩) কে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আধকানী উপজেলা বাজারের ফারুক মিয়ার ছেলে লুৎফুর রহমান (১৮) ও কাউয়ারগলা গ্রামের শরিয়ত মিয়ার ছেলে মঈনুল ইসলাম (২০)।

ধর্ষণ চেষ্টার পরে এ ঘটনাটি সালিশের নামে ধামাচাপার চেষ্টা হলে কিশোরীটি আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের সদস্যরা জানান।

এ ঘটনায় শুক্রবার রাত পৌনে ৯টায় কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও সহায়তা করার অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে নির্যাতিতা কিশোরীর পিতা ধনাই মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতেই কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি এমন গর্হিত সমাজবিরোধী কাজের সঠিক বিচার দাবি করেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.