তাহিরপুর প্রতিনিধি | ১০ অক্টোবর, ২০২০
'পরিযায়ী পাখি প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ, আসুন আমরা সকলেই এদের প্রতি বন্ধুসুলভ আচরণ করি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।
শনিবার (১০,অক্টোবর) দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে ওয়াচ-টাওয়ার এলাকায় আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. ফখরুল আলম খান, প্রকৃতি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক (সি এন আর এস) স্বপন কুমার চন্দ, ফরেস্ট তাহিরপুর রেঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেন, নুর আলম, নুর মিয়া প্রমুখ।
পরিযায়ী পাখির প্রয়োজনী নিয়ে বক্তাগণ বলেন, পরিবেশের ভারসাম্যর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পাখি। এছাড়াও পাখি প্রকৃতির সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ-বিদেশ হতে প্রকৃতিপ্রেমীরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসেন এই টাঙ্গুয়ার হাওরে। এতে এই হাওরপাড়ে বসবাসরত জনগোষ্ঠী বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন।
পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ প্রাণী, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সৌন্দর্য বাড়ায়। আর তাই আমাদের পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আগত পরিযায়ী পাখিদের সাথে বন্ধুসুলভ আচরণ করি।