Sylhet Today 24 PRINT

সিলেটে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২০

এক অশুভ সময় আমরা সবাই অতিক্রম করছি। ধর্ষকের সীমাহীন উদ্ধতে সমাজ কলুষিত। প্রিয় মাতৃভূমিকে গ্রাস করতে চাইছে মানুষরূপী দুর্বৃত্ত। এদের লালসায় নারীর নিরাপত্তা হুমকিতে। এমন পরিস্থিতিতে আর ঘরে বসে থাকার উপায় নেই। ‘ধর্ষণে-নিপীড়নে বিবস্ত্র দেশ, হে সময় নাও ফের যোদ্ধার বেশ’- স্লোগানে সিলেটসহ সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন।

‘নারী, তুমি-ই মা, স্ত্রী, বোন, কন্যা’ ‘কন্যা, জায়া, জননী চায় ধর্ষক মুক্ত ধরণী, ‘ধর্ষকের ঠিকানা সোনার বাংলায় হবে না’ - এমন স্লোগান লেখা পোস্টার হাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তার দাবি জানান সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ, সিলেটের সদস্যরা।

এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সব অর্জনে নারীদের অগ্রণী ভূমিকা দেখা যায়। সাম্প্রতিক সময়ে মানুষরূপী দুর্বৃত্ত ধর্ষণ-নিপীড়নের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। একাত্তরে চেতনায় উদ্বুদ্ধ সকলকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে হবে।

সিলেট জেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি সুব্রত বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফটো সাংবাদিক ইউসুফ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুচরিতা ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক তন্বী দাস, অর্থ সম্পাদক উৎপল দাশ, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পাঠচক্র সম্পাদক তমালিকা দত্ত, কার্যনির্বাহী সদস্য স্বর্ণা রাণী চন্দ, সুহৃদ তমাল দত্ত, তরুণ দত্ত দীপ্ত, স্বাগতা ভট্টাচার্য চম্পা, শিল্পী বনিক, কাজল দাস, শশী বনিক, জয়দীপ চক্রবর্তী, সাকিব আহমদ, ইমরান উদ্দিন, আমিনুর রশিদ, মুরাদ হোসেন, মাসুম হোসেন, তৌহিদুর রহমান, মামুন চৌধুরী, সুরঞ্জিৎ, মো. শহীদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.