Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের নতুন মেয়র আওয়ামী লীগের মিজানুর

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া মেয়র পদে নির্বাচিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জয় লাভ করেন। তবে  ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী।

শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সন্ধ্যায় ১১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া নৌকা প্রতীকে ৬১৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম জগ প্রতীকে ৩৮৮১, ধানের শীষ প্রতীকে রাজু আহমেদ ১০৩৯ এবং মোবাইলফোন প্রতীকে আবিবুল বারী আয়হান ১০১৬ ভোট পেয়েছেন।

এদিকে, বিকেলে চারটায় ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন (জগ)।

বিএনপির প্রার্থী রাজু আহমদ বলেন, সরকার দলের লোকজন আমাদের এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে। তাই এ নির্বাচন আমি বর্জন করেছি।

স্বতস্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম বলেন, আমার বিজয় সুনিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রভাব বিস্তার করে ইকড়ছই, ভবানীপুর. আর্দশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেরপুরের আব্দুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যাপক জাল-ভোটের মাধ্যমে কারচুপি করা হয়েছে। এজন্য নির্বাচন বর্জন করেছি।

তবে নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করায় তাঁরা ভোটারদের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।

নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নির্বাচনে কারচুপি নিয়ে আমাদের নিকট লিখিত অভিযোগ করেননি কোন প্রার্থী। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.