Sylhet Today 24 PRINT

কানাইঘাটে আগুনে ভস্মীভূত ১২ দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

কানাইঘাট প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০২০

সিলেটের কানাইঘাটে অগ্নিকাণ্ডে পুড়েছে ১২ দোকান। রোববার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার চতুল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চতুল বাজারের ব্রিজ সংলগ্ন হরিপদ শর্মার (হরি) টিনশেড মার্কেটে এ আগুন লাগে। আগুনে ব্যবসায়ী জালাল আহমদ, ফখরুল ইসলাম, রিমন, অনিল বিশ্বাস ও আব্দুর রশিদের দোকানসহ ১২টি দোকান একেবারে পুড়ে গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে কয়েক ঘণ্টা পর জৈন্তাপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে এর আগেই আগুনে দোকানগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

৫নং বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলতে পারছি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.