Sylhet Today 24 PRINT

সিলেটে লটারির মাধ্যমে পাঁচ শতাধিক পুলিশ সদস্যকে বদলী

নিজস্ব প্রতিবেদক |  ১১ অক্টোবর, ২০২০

সম্প্রতি কক্সবাজার জেলা থেকে বিভিন্ন পদ মর্যাদার পাঁচ শতাধিক পুলিশ সদস্যকে জনস্বার্থে সিলেট রেঞ্জে বদলী করা হয়। ব্যতিক্রমী আয়োজনে সদ্য যোগদানকৃত কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পর্যন্ত মোট ৪৬৫ জন পুলিশ সদস্যদেরকে লটারির মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বদলীর আদেশ প্রদান করেন ডিআইজি। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা এ আয়োজনে কোন পুলিশ সদস্যকে যেন অফিসে ঘুরতে না হয় সেজন্য আগে থেকেই ব্রিফিং সমাবেশ স্থলে কম্পিউটার, ফটোকপি মেশিনসহ দায়িত্বপ্রাপ্তদেরকে প্রস্তুত রাখা হয়। জেলা ওয়ারী শূন্য পদের বিপরীতে লটারিতে আসা নাম সাথে সাথে অফিস আদেশ তৈরি করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) বিকাল তিনটায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে, সিলেট রেঞ্জে যোগদানকৃত এসকল পুলিশ সদস্যদের উদ্দেশ্য বিশেষ ব্রিফিংয়েরও আয়োজন করা হয়।

রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসার সঞ্চালনায় বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শাহীনুল আলম খান প্রমুখ।

বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। এছাড়া স্বাগত বক্তব্য দেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ সম্প্রতি কক্সবাজার থেকে সিলেট রেঞ্জে যোগদানকৃত সকল পুলিশ সদস্যদের স্বাগত জানিয়ে, তাদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে সিলেট রেঞ্জের জনসাধারণকে সেবা প্রদান করতে নির্দেশ প্রদান করেন। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সবাইকে আরেও অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যমে মানুষের সেবা করার আহ্বান জানান তিনি।

এদিকে সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনে তাৎক্ষনিক বদলীর আদেশ পেয়ে পুলিশ সদস্যগন উল্লাস প্রকাশ করেন। পাশাপাশি ডিআইজি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেবার মহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিংয়ে নিজেদেরকে আত্মনিয়োগ করবেন মর্মে সবাই প্রত্যয় ব্যক্ত করেন।

লটারির মাধ্যমে এক সাথে এত বিশাল অফিসার ফোর্সের পদায়নের বিষয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ জানান, আইজিপি স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদলী, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ৪৬৫ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে বদলী করে তাৎক্ষনিক অফিস আদেশ প্রদান করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.