Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে হয়ে গেলো ভার্চুয়াল মিনি ম্যারাথন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০২০

দেশ ও বিদেশের ১ হাজার ২জন প্রতিযোগীর অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাড়ে সাত কিলোমিটারের ভার্চুয়াল মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং এর বিরুদ্ধে প্রচারণা ও সুস্থ-সবল যুবসমাজ গঠনে দৌড়বিদ এবং নাগরিকদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। শ্রীমঙ্গল ম্যারাথন এই প্রতিযোগিতার আয়োজন করে। ৯ ও ১০ অক্টোবর প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে যারা দৌড় সম্পন্ন করতে পেরেছেন তাদের সনদ দেওয়া হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর নিবন্ধন ফ্রি ও নিবন্ধনযুক্ত দুই ক্যাটাগরিতে দেশ-বিদেশ থেকে ১ হাজার ২জন প্রতিযোগী নিবন্ধন করেন। নিবন্ধনকালে নবীন দৌড়বিদ, শিক্ষার্থী ও নারীদের উৎসাহিত করতে তাদের থেকে কোনো ফি নেওয়া হয়নি। ৯ ও ১০ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে সাড়ে সাত কিলোমিটার সড়কে দৌড়ে সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। নিবন্ধিত দৌড়বিদরা যার যার অবস্থান থেকে ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। জিপিএস ট্র্যাকিং, মোবাইল এপ্লিকেশন ও স্মার্ট ওয়াচের মাধ্যমে তা রেকর্ড করে তারা সেই তথ্য গুগল ফর্মে (আয়োজকদের গুগল ফর্মে) আপলোড করেন।

বেঁধে দেওয়া সময়ে প্রায় ৯০০জন দৌড়বিদ দৌড় সম্পন্ন করেন। দৌড় সম্পন্ন করা প্রত্যেক দৌড়বিদদের আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ফিনিশার ই-সার্টিফিকেট। এ রমধ্যে নিবন্ধন ফি ফ্রি ক্যাটাগরিতে দৌড় সম্পন্ন করা দৌড়বিদরা পাবেন ফিনিশার ই-সার্টিফিকেট ও নিবন্ধন ফিযুক্ত দৌড়বিদরা পাবেন প্রতিযোগিতার টি-শার্ট এবং ফিনিশার ই-সার্টিফিকেট।

আয়োজকদের একজন রকি রায় বলেন, ‘শ্রীমঙ্গলে প্রথম আমরা সাড়ে সাত কিলোমিটারের প্রতিযোগিতার আয়োজন করি। করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল আয়োজন করতে হয়েছে। প্রথমবারের আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতিযোগিতা অব্যাহত থাকবে। দৌড় সম্পন্ন করা প্রতিযোগীদের কাছে অনলাইনে ই-সার্টিফিকেট প্রদান করা হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.