নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর, ২০২০
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত হওয়া রায়হান উদ্দিনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সান্তনা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তিনি নগরীর আখালিয়া এলাকায় রায়হানের বাসায় যান।
এসময় রায়হানের দুই মাস বয়সী শিশু কন্যাকে কোলে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন মেয়র। এসময় তাকে চোখের জল মুছতে দেখা যায়। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান মেয়র।
সন্ধ্যায় স্থানীয় কাউন্সিলর মখলিসুর রহমান কামরানকে সাথে নিয়ে মেয়র আরিফ রায়হানের বাসায় গেলে তাকে রোববার ভোর থেকে সকালের ঘটনাগুলোর বর্ণনা দেন রায়হানের চাচা হাবিবুল্লাহ চৌধুরী। এসময় তিনি আবারও পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ করেন।
বিজ্ঞাপন
এসময় রায়াহানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নিও উপস্থিত ছিলেন। মেয়রকে দেখে তারাও কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রসঙ্গত, রোববার ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। তবে কাষ্টঘর এলাকার সিসিটিভি ফুটেজে গণপিটুনির কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখান থেকে পুলিশ কাউকে ধরে নিয়ে আসারও প্রমাণ নেই সিসিটিভি ফুটেজে।
এদিকে রায়হানের পরিবারের অভিযোগ বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে খুন হয়েছেন রায়হান। তিনি নগরের আখালিয়া এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।