Sylhet Today 24 PRINT

রায়হান হত্যা : পালিয়ে গেছেন এসআই আকবর!

নিজস্ব প্রতিবেদক |  ১৩ অক্টোবর, ২০২০

সিলেটে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় সাময়িক বহিস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়ার খোঁজ মিলছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর আখালিয়ার নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে ফাঁড়িতে নির্যাতনের মাধ্যমে হত্যার প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার আকবরসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বহিস্কার ও ৩ জন প্রত্যাহার করা হয়। রাতে তাদের রাখা হয় মহানগর পুলিশের অস্ত্রাগারে।

বিজ্ঞাপন



সাময়িক বহিস্কৃত পুলিশ কর্মকর্তাদের প্রতিদিন সকালে পুলিশ লাইনে রিপোর্ট করার নিয়ম রয়েছে। কিন্তু মঙ্গলবার সকালে তিনি রিপোর্ট করেননি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।

উল্লেখ্য, রায়হান আহমদ সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার তিন মাসের এক মেয়ে রয়েছে। নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.