Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০২০

সিলেটের ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় রতন কর (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সিলেটের শহরতলী টুকেরবাজার এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রতন মৌলভীবাজার জেলার সদর থানাধীন বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রেমের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার সময় ফেঞ্চুগঞ্জ থানাধীন দক্ষিণ আশিঘর এলাকার এক কিশোরীকে অপহরণ করে সিলেট শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে এসে ধর্ষণ করেন রতন।

বিজ্ঞাপন

পরে নির্যাতিতা কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে আসামি গ্রেপ্তারের জন্য ফেঞ্চুগঞ্জ থানার একাধিক টিম অভিযানে নামে।

পরে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামাননের নেতৃত্বে বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে তিন ঘটিকার সময় সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে দায়েরকৃত মামলায় আসামী রতনকে আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, নারী নির্যাতন সংক্রান্তে যেকোন অভিযোগ শুনার সাথে সাথে দ্রুত আসামী গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার ইতোমধ্যে জেলার সকল ইউনিটে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামীকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.