সিলেটটুডে ডেস্ক | ১৫ অক্টোবর, ২০২০
সারা দেশব্যাপী একের পর এক ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে মশাল মিছিল করেছে সিলেটের ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ।
মশাল মিছিলের আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নগরীর সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়ে বর্ডার গার্ড কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রাহির সভাপতিত্ত্ব ও সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম, বিজিপিএসসি শিক্ষার্থী তোফায়েল আহমদ সুজন, আবু রুবায়াত সাকিব, নাট্যকর্মী রিজান আহমদ রুমেল, নিহত রায়হানের মামা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এখন ধর্ষণ ও খুনের অভয়ারণ্য, মানুষের বেঁচে থাকার নূন্যতম অধিকারও আজ খর্ব হচ্ছে। চরম নিরাপত্তাহীন পরিবেশে দিন কাটাচ্ছে সাধারণ জনগণ। এমসি কলেজের ধর্ষিত নারী কিংবা পুলিশ হেফাজতে নিহত রায়হান কেউই এই রাষ্ট্রে নিরাপদ নয়। ফলে নারী পুরুষ নির্বিশেষে এই রাষ্ট্রীয় ক্ষমতার আগ্রাসন বন্ধে ও খুন ধর্ষণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।