Sylhet Today 24 PRINT

মাধবপুরে মধ্যরাত থেকে পুড়ছে কটনমিল, নিয়ন্ত্রণের টেষ্টায় ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার সায়হাম কটন মিল ও ফয়সল স্পিনিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কটন মিলটিতে আগুনের সূত্রপাত ঘটে যা প্রতিবেদন লিখা পর্যন্ত জ্বলছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনতে ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোট ৬টি ইউনিট সুতার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সায়হাম কটন মিলের উপ ব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, রাত সাড়ে ১২টার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে।

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রকিব বলেন, সিলেট, হবিগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করে যাচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, রাত থেকে কটন মিলটিতে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আপাতত নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.