Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

বানিয়াচং প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের বানিয়াচং থানায় হওয়া একটি মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নেয়ার পথে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের হাত থেকে মামলার সেই আসামিকেও ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে একজন ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।

বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, দুইটি জিআর মামলার আসামি ও দক্ষিণ সাঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে বুলবুল মিয়াকে গ্রেপ্তার করতে কয়েকজন পুলিশ বুধবার রাতে ওই গ্রামে যায়। তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় আসার পথে মক্রমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও আসামির ভাই বদরুল মিয়াসহ একদল লোক পুলিশের ওপর হামলা করে। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়। এ সময় বানিয়াচং থানার এএসআই মোহাম্মদ তোহা, এএসআই সোহেল ও কনস্টেবল হাতিমুর রহমান আহত হন। এএসআই তোহাকে সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বানিয়াচং-আজমিরিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া জানান, আসামি গ্রেপ্তারের পর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও বদরুলসহ লোকজন পুলিশকে মারধর করেছে। তারা আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সন্দেহজনক ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.