Sylhet Today 24 PRINT

১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মাধবপুরের তুলার গুদামের আগুন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে লাগা আগুন ১৪ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর বৃহস্পতিবার বেলা ২ টা পর্যন্ত এ প্রতিবেদন লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে তুলার বিশাল স্তূপের ভেতরে আগুন ছড়িয়ে পড়েছে। সেজন্য পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সারাদিন লেগে যেতে পারে।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.