Sylhet Today 24 PRINT

ছড়া পরিষদ সিলেটের ধর্ষণবিরোধী ছড়াপাঠ ও প্রতিবাদ সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০২০

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণসহ দেশব্যাপি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ধর্ষণবিরোধী ছড়াপাঠ ও প্রতিবাদ সমাবেশ করেছে দেশের ঐতিহ্যবাহী ছড়া সংগঠন ছড়া পরিষদ সিলেট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মিরর এর সম্পাদক আহমেদ নূর।

‘ধর্ষক মানে ঘৃণ্য অসুর/ ওদের প্রতি সাম্য না/ এক দঁড়িতে সব ফাঁসি চাই/ অন্য কিছু কাম্য না’ স্লোগনে ছড়ার ছন্দে ব্যতিক্রমী এই প্রতিবাদী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে অনুষ্ঠিত হয়। ছড়া পরিষদের সহসভাপতি অজিত রায় ভজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব এনামুল মুনীর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আহমেদ নূর বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে ছড়া কতটা জোরালো ভূমিকা রেখেছে। হাজার শব্দে যে কথা পুরোপুরি বলা হয়ে উঠে না সে কথা দুই কিংবা চার লাইন ছড়ায় কত তীব্রভাবে বলা হয়ে যায়।’ তিনি বলেন, ‘দেশজুড়ে ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে। এ সময়ে ছড়া পরিষদ আবারও স্মরণ করিয়ে দিল ছড়ার মাধ্যমেই শৈল্পিক অথচ তীব্রভাবে প্রতিবাদ জানানো যায়।’

ছড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন এবং সংগঠনের প্রচার ও যোগাযোগ সম্পাদক রিপন আহমদ ফরিদীর সঞ্চালনায় ধর্ষণবিরোধী ছড়াপাঠ ও প্রতিবাদ সভায় অংশ নেন কবি এখলাসুর রহমান, ছড়া মঞ্চের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, শব্দগাঁথা ছড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রানাকুমার সিংহ, ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি অমিতা বর্ধন, গীতিকবি হরিপদ চন্দ, সাংবাদিক ইয়াহইয়া ফজল, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, কামাল আহমদ, ছড়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী, সাংবাদিক দেবব্রত রায় দিপন, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, কবি মনজুর মোহাম্মদ, সৈয়দ মুক্তদা হামিদ, সাংবাদিক রাফিদ চৌধুরী, ইফতেখার শামীম, প্রশান্ত লিটন, আবদুল কাদির জীবন, হীরা মোহন রায়, এম আলী হোসাইন, ফয়ছল আহমদ, জুবের আহমদ সার্জন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এমসি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে এমন ন্যাক্কারজনক ঘটনা পুরো সিলেটবাসীকে লজ্জায় ডুবিয়েছে। এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর কেউ ঘটানোর সাহস না পায় সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.