Sylhet Today 24 PRINT

সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধারে গিয়ে চাচা ভাতিজার মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে ছাগল উদ্ধার করতে গিয়ে নির্মাণাধীণ একটি সেফটিক ট্যাংকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই চা শ্রমিক মারা গেছেন।

মৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকার বাউরী টিলার মোহন বাউরীর ছেলে  দুর্গা চরণ বাউরী (৪৫) ও রাবন বাউরীর ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫)। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

স্থানীয় সুত্রে জানা যায়, বাউরি টিলা এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে দুইটি ছাগল পড়ে যায়।  ছাগল উদ্ধারে চা শ্রমিক দুর্গা চরণ বাউরী ট্যাংকের নিচে নামেন। তাকে উদ্ধার করতে গিয়ে ভাতিজা রাজু বাউরি ট্যাংকের ভিতর নেমে আর উঠে আসতে পারেনি। ট্যাংকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে দুজনই মারা যায়।

ঘটনার খবর পেয়ে কুলাউড়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিস বিকাল ৪টায় ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ও কমলগঞ্জ উপজেলা ফয়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

কুলাউড়া থানার এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.