Sylhet Today 24 PRINT

বড়লেখায় আলুর বাজারে অভিযান, জরিমানা আদায়

বড়লেখা প্রতিনিধি  |  ১৭ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে আলুর পাইকারি আড়তসহ সাতটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপরে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

এ সময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায় ও উপ পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সরকারের বেঁধে দেওয়া মূল্যে আলু বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিংয়ে শুক্রবার দুপরে পৌরশহরের হাজীগঞ্জ বাজারে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানের সময় অধিক মূল্যে আলু বিক্রি, মূল্য তালিকা না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে হাজীগঞ্জ বাজারের আলুর পাইকারি আড়তসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে আলুসহ নিত্যপণ্য বিক্রির পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, আলুসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারগুলোতে মনিটরিং করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.