চুনারুঘাট প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সাঁড়াশি অভিযানে নারীসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চুনারুঘাট থানা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামী, নারীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
চুরি, ডাকাতি, মারামারি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ জন, সাজাপ্রাপ্ত ১ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃতদের রোববার বেলা ১২ টার দিকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, চুনারুঘাটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।