Sylhet Today 24 PRINT

চিরনিদ্রায় শায়িত আজিজ আহমদ সেলিম

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০২০

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টার দিকে দরগাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রোববার (১৮ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিএমএইচে ভর্তি হন সেলিম।

সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব'র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি'র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক যুগভেরী'রও সম্পাদকের দায়িত্ব পালন করেন সেলিম। সাংবাদিকতার পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম।

গত ৮ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এরআ গে গত ৭ অক্টোবর সাংবাদিক আজিজ আহমদ সেলিম সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.