কুলাউড়া প্রতিনিধি | ১৯ অক্টোবর, ২০২০
প্রাপ্য অর্থ ফেরত পেতে এবং ন্যায় বিচার পাওয়ার দাবিতে কুলাউড়ায় আমিনুল ইসলাম রিয়াদ নামে এক ব্যবসায়ী মা বোনসহ আমরণ অনশন শুরু করেছেন। সাব্বির জামিল ও এমদাদ হক নামে দুই ব্যক্তির কাছ থেকে টাকা পাওনার দাবি করে আমিনুল এ অনশন করছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ওই ব্যবসায়ীসহ তার মা রওশন আরা বেগম ও বোন ব্যাংক কর্মচারী দিলারা বেগম পৌর শহরের ২নং ওয়ার্ড (আউটার রেলক্রসিংয়ের পূর্বপাশ) ইসলামভাগ আবাসিক এলাকায় অবস্থিত ছাব্বির জামিলের বাসার প্রধান ফটকে এই অনশন শুরু করেছেন।
ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ জানান, সাব্বির এমদাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। ৮ মাস আগে সাব্বির তার বাসার ভেতর থেকে জমি বিক্রির কথা জানালে আমি ও আমার পরিবার সেই জমি কেনার জন্য সাব্বিরের কাছে টাকা দেই ৯ লাখ ৫০ হাজার ও এমদাদের মাধ্যমে ১৫ লাখ টাকা দেই সাব্বিরকে। পরবর্তীতে সাব্বির গত আগস্ট মাসে জমি বিক্রি করবেনা বলে অস্বীকৃতি জানায়। পরে এসব নিয়ে আমাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে সাব্বির ৯ লাখ ৫০ হাজার টাকার চেক দিয়ে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে বিষয়টি এমদাদসহ সাক্ষীগণের কাছে বিষয়টি অবগত করলে এমদাদ অস্বীকৃতি জানায়।
তিনি জানান, টাকা ফেরত ও ন্যায় বিচার যতক্ষণ না পাবো ততক্ষণ আমরণ অনশন চলবে।
বিষয়টি জানতে এমদাদ হকের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাব্বিরের সাথে রিয়াদের বিভিন্ন আর্থিক লেনদেন ছিল। অনেক সময় সাব্বিরের টাকা নিয়ে সে ব্যবসা করতো। সাব্বির রিয়াদের কাছ থেকে ৯ লাখ ৪০ হাজার টাকা নিয়েছিল। সেটার সাক্ষী আমিসহ আরও কয়েকজন। এর মধ্যে সাব্বির প্রায় পাঁচ লাখ টাকা রিয়াদকে ফেরত দিয়েছে। কিন্তু রিয়াদ তার কাছে অনেক বেশি টাকা দাবি করছে সুদসহ। সাক্ষী ছিলাম বলে আমাকে হেনস্তা করার চেষ্টা করছে রিয়াদ।
সাব্বির জামিলের মোবাইলে কল দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, রিয়াদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন সময় আমি তাকে সহযোগিতা করেছি বন্ধু হিসেবে। তার কাছ থেকে ৯ লাখ ৪০ হাজার টাকা নিয়েছিলাম। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার টাকা ফেরত দিয়েছি। কিন্তু সে আমার কাছে আরও বেশি টাকা দাবি করে এখন আমার মানসম্মান ক্ষুণ্ণ করার লক্ষ্যে এসব নাটক করছে। চিকিৎসার জন্য আমি ঢাকায় এসেছি। আমি বাসায় না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আমার অসুস্থ মা বাবাকে হয়রানি করছে। আমি এজন্য আইনি ব্যবস্থা নিবো আমার মানহানি ও হয়রানির জন্য।