Sylhet Today 24 PRINT

জামালগঞ্জ উপ-নির্বাচন: দুই কূল হারালেন নুরুল হক আফিন্দি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মঙ্গলবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল আল আজাদ। নির্বাচনে তরুণ বয়সের ইকবাল আজাদের কাছে বিপুল ভোটে হেরে গেছেন বিএনপির প্রার্থী নুরুল হক আফিন্দি। ভোটের হিসেবে ইকবাল আল আজাদের আশেপাশে যেতে পারেননি উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি।

এদিকে নির্বাচনে অংশগ্রহণের আগে সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন নুরুল হক আফিন্দি। ভোটাররা বলছেন, উপজেলা নির্বাচনে হেরে দুই কূল হারালেন নুরুল হক আফিন্দি।

সাবেক এমপি নজির হোসেন নুরুল হক আফিন্দি পক্ষে ব্যাপক প্রচারণা চালালেও ভোটের মাঠে তেমন প্রভাব ফেলেনি।

ভোটের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের ইকবাল আল আজাদ নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ইকবাল আল আজাদের নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির নূরুল হক আফিন্দি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৮৯০ ভোট।

এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতীকে ৪ হাজার ৮০৫ ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতীকে ১হাজার ৩৬১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ এ বছরের ৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে।

জেলা নির্বাচনী কর্মকর্তা মোরাদ উদ্দিন হাওলাদার বলেন, নির্বাচনের অংশগ্রহণের জন্য নুরুল হক আফিন্দি ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.