Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে যুদ্ধাপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মাওলানা মো সফি উদ্দিন একাত্তরে পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন।

রবিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন করেন মুক্তিযোদ্ধা ইলিয়াস কামাল। বিচারক মো. কাউসার আলম মামলাটি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়ক বরাবর প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মাওলানা সফি উদ্দিন লাখাই উপজেলার মানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। মামলার অপর আসামিরা হলেন- একই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আসক উল্লাহর ছেলে জাহিদ মিয়া, একই গ্রামের মাহতাব মিয়ার ছেলে তাজুল ইসলাম ওরফে পোকন রাজাকার এবং জিরুন্ডা গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে ছালেক মিয়া ওরফে ছায়েক মিয়া।

বাদী মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ইলিয়াস কামাল মামলায় অভিযোগ করেন, ১৯৭১ সালের ৩০ ও ৩১ অক্টোবর সফি উদ্দিনসহ তার সঙ্গীরা লাখাই উপজেলার মানপুর ও মুড়িয়াউক গ্রামে অভিযান চালিয়ে তার বাবা (বাদীর বাবা) ইদ্রিছ মিয়া ও সহযোদ্ধা শাহজাহানের বাবা আব্দুল জব্বারকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি করে লাশ মানপুরের উজাদুর বিলে ফেলে দেয়।

মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্ত রাজাকাররা কৃষ্ণপুর, গঙ্গানগরসহ আশপাশের গ্রামে লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, নৃশংস গণহত্যা চালায়। এ ছাড়া ওই সময় তারা উপজেলার জিরুন্ড, মানপুর, মুড়িয়াউক, কৃষ্ণপুর, ভবানীপুর, চন্ডিপুরসহ আশপাশের অনেক গ্রামে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণ কর্মকাণ্ড পরিচালিত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.