সিলেটটুডে ডেস্ক | ২৫ অক্টোবর, ২০১৫
সিলেটের সৃজনশীল বইয়ের দোকান ‘বইপত্র’ ২৫ বছর পূর্ণ করেছে। এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতি বিকাশে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে এটি পরিণত হয়েছে। নানা সময়ে দেশ-বিদেশের স্বনামধন্য লেখক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষের পদার্পণ ঘটেছে এখানে। প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তিতে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বইপত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৯০ সালের ২৬ অক্টোবর নগরের জিন্দাবাজার এলাকায় বইপত্র যাত্রা শুরু করেছিল। আগামীকাল সোমবার প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বেলা সাড়ে পাঁচটায় নগরের রাজা ম্যানশন দোতলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এক লেখক-পাঠক সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বইপত্রের শুভানুধ্যায়ী-অনুরাগীদের বিশেষভাবে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
বইপত্রের স্বত্তাধিকারী সেলিমা সুলতানা বলেন, ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৫ শতাংশ ছাড়ে দেশি বই বিক্রি করা হবে। এছাড়া কিছু নির্দিষ্টসংখ্যক বই এবং বিদেশি বইও বিশেষ ছাড়ে বিক্রি করা হবে। এর বাইরে এ উপলক্ষে লেখক-পাঠকদের সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।