Sylhet Today 24 PRINT

আকবরকে দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২০

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদ নিহতের ঘটনায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন কর্মসূচী স্থগিত করে আগামী ৫ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এই তথ্য নিশ্চিত করেছেন।

একই বিবৃতিতে আগামী ৫ নভেম্বরের মধ্যে রায়হান হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত এসআই আকবরকে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়ে, অন্যথায়  কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারাই আইন লঙ্ঘন করে চলছে। আমরা জনগণের টাকায় বেতন দিয়ে কোনো খুনি পুলিশ পুষতে চাই না। দুর্নীতিবাজ খুনি এসআই আকবর ও অন্যান্য পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘কিছু পুলিশ একের পর এক অপকর্ম করে চলছে। বিনা বিচারে হত্যা, সাধারণ মানুষকে হয়রানি, মাদক ও অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানো, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। রায়হান হত্যাকারীর মূল আসামী এসআই আকবরকে দ্রুত গ্রেফতার না করা হলে লাগাতার কর্মসূচী দিতে বাধ্য হবে ব্যবসায়ী নেতৃবৃন্দ।’

তারা আরও বলেন, ‘আগামী ৫ নভেম্বরের মধ্যে রায়হান হত্যাকারীর মূল অভিযুক্ত এসআই আকবরকে গ্রেপ্তার করা না হলে, সিলেটবাসীসহ সারা দেশের মানুষকে নিয়ে কঠোর কর্মসূচী দেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.