Sylhet Today 24 PRINT

জুড়ীতে শিশুর রহস্যজনক মৃত্যু

জুড়ী প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে জান্নাতুল ফেরদৌস (১০) নামে এক শিশুর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা প্রবাসী জালাল মিয়ার বড় মেয়ে জান্নাতুল ফেরেদৗস বেলাগাঁও গ্রামে নানার বাড়ীতে থেকে লেখাপড়া করত। ঘটনার দিন তার মা ও সেখানে ছিলেন। ওইদিন জান্নাতুল ফেরদৌসের মা মাগরিবের নামাজ পড়ার সময় জান্নাতুল অপর শিশুদের সাথে হল্লা চিৎকার করছিল। এ কারণে নামাজ শেষ করে মা তাকে কয়েকটি থাপ্পড় মারেন। এর বেশ কিছুক্ষণ পর বাড়ীর একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন।

খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে আজ বাদ মাগরিব তার নিজ এলাকা মনতৈল জামে মসজিদে জানাজা শেষে বজিটিলা কবরস্থানে দাফন করা হয়।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.