সিলেটটুডে ডেস্ক | ২৬ অক্টোবর, ২০১৫
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর একটি অভিযানে মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রী রামপুর এলাকা থেকে ২৪৬ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল- জকিগঞ্জের উত্তর গঙ্গাজলের আব্দুল নূরের পুত্র আব্দুল মুকিত এবং একই উপজেলার পতিরচকের আব্দুল আজিজের পুত্র সাব্বির আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার ভোর ৫টায় এএসপি মাঈদ উদ্দিনের নেতৃত্বে একটি দল হেতিমগঞ্জ-গোলাপগঞ্জ যাওয়ার বাইপাস রোড থেকে ২৫০ গজ পূর্বের দক্ষিণ পাশে পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে একটি সিএনজির ইঞ্জিন বক্সের ভিতরে দুই পাশে প্লাস্টিকের ব্যাগে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ওই দুই ব্যক্তিকে আটক করে।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ফেন্সিডিল সিএনজি গাড়ী যোগে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থল দিয়া সিলেট শহরের দিকে নিয়া যাচ্ছিল মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপি‘র মোগলাবাজার থানার মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।