Sylhet Today 24 PRINT

সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে নিসচার সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০২০

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ আহমদ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকেই ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ আইনটি এখনও বাস্তবায়িত হয়নি। আইনটির যথাযথ প্রয়োগে বাঁধা কোথায়? এই প্রশ্ন এখন সকল মহলের।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১৯ সালের ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার। প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় এর প্রয়োগ ছিল। পরবর্তীতে সরকার পরিবহন মালিক-শ্রমিকদের দাবিতে আইনের কয়েকটি বিষয় পরবর্তী ছয়মাস পর্যন্ত কনসিডারের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে করোনার কারণে এই আইন যথাযথ প্রয়োগের সময়সীমা বৃদ্ধি করে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। কিন্তু প্রত্যাশার জায়গা বারবার হোচট খেলে হতাশ হতে হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের চূড়ান্ত প্রত্যাশা দুর্ঘটনামুক্ত সড়ক, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা। যতদিন এটি পূরণ না হবে ততদিন নিরাপদ সড়কের কর্মীরা সড়কে আছি, থাকবো। আইন প্রয়োগ নিয়ে চলমান সংকট উত্তরণে আইনটি যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। আমরা আশাবাদী এই আইনটি খুব শিগগির পূর্ণ বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, প্রচার সম্পাদক মো. শাহ আলম, প্রকাশনা সম্পাদক সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, আইন বিষয়ক সম্পাদক মাজেল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন বেগম, সদস্য অলিউর রহমান, জুনেদ আহমদ, দেলওয়ার হোসেন, আব্দুল আজাদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.