Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২০

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রোগীর স্বজন ও দর্শনার্থীদের ওপর এমন কড়াকড়ি করা হয় বলে রোববার জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

হাসপাতালের প্রশাসন বিভাগ জানায়, হাসপাতালে রোগীর স্বজন ও দর্শনার্থীদের জন্য চিকিৎসাধীন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের নির্দিষ্ট সময় নির্ধারিত ছিল। তবে সে প্রক্রিয়া সম্প্রতি কিছুটা শিথিল হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের পর হাসপাতালে দর্শনার্থী ও রোগীর সঙ্গে সাক্ষাতে পূর্বনির্ধারিত সময়সূচি কার্যকর করা হয়। শীত মৌসুমে ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত ব্যক্তিরা রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ ছাড়া গ্রীষ্মকালে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন নির্ধারিত ব্যক্তি।

ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনার সংক্রমণ এড়াতে দর্শনার্থী ও রোগীর স্বজনদের মধ্যে শৃঙ্খলা আনতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা মেনে চলতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতালে রোগীদের সেবা অব্যাহত থাকবে। বহির্বিভাগেও সেবা কার্যক্রম যথারীতি চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.