বিশ্বনাথ প্রতিনিধি | ০৩ নভেম্বর, ২০২০
সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, জনসভা না করে রাজনীতি করার কোন মানে নেই। আর রাজনীতি মানেই হচ্ছে জনসেবা। কিন্তু আমাদের দেশে একশ্রেণীর ক্ষমতাসীন এমপি-মন্ত্রীরা জনসেবার রাজনীতি না করে হোন্ডা আর গুন্ডার রাজনীতি করছেন। তারা এলাকার কোথাও কোন উন্নয়নমুলক জনসভায় যোগ দিতে গেলে পাঁচশ হোন্ডা (মোটরসাইকেল) আর এক হাজার গুন্ডা নিয়ে যান।
তিনি বলেন, এতে করে জনগণকে আরও আতঙ্কিত করা হয়। কাজেই জনগণের ভোটে যারা সেবক হয়েছেন, তাদেরকে হোন্ডা-গুন্ডার রাজনীতি পরিহার করে জনসেবার মন-মানসিকতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তা না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথের মুফতিরগাঁও গ্রামবাসীর উদ্যোগে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গ্রামের প্রবীণ মুরব্বি শেখ মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও সংগঠক হিরণ মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, উপজেলা আল ইসলার সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ ও সংগঠক রফিক আলী।