Sylhet Today 24 PRINT

জুড়ীতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিমবড় ধামাই গ্রামের মছলু মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মামুন মুন্নাকে এই অর্থদণ্ড করা হয়।

আব্দুল্লাহ আল মামুন মুন্না অবৈধভাবে টিলা কেটে পার্শ্ববর্তী রাস্তা ভরাট করছেন। পার্শ্ববর্তী আতিকুর রহমানের লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম সেখানে গিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আব্দুল্লাহ আল মামুন মুন্নাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি কর্তনকৃত টিলা ভরাট করার নির্দেশনা দেন অন্যথায় দণ্ডবিধির ১৮৮ ধারায় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, অবৈধভাবে টিলা কাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। জুড়ীতে টিলা কাটার খবর পেলেই প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গত ১৭ অক্টোবর গোয়ালবাড়ী ইউনিয়নের আব্দুল খালিককে একই অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি কাটাকৃত টিলা ভরাটের নির্দেশ দেওয়া হয়েছে এবং ২৯ অক্টোবর পাতিলাসাঙ্গন গ্রামের সিপার উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জুড়ী থানার এসআই সুপ্রিয় নন্দীসহ একদল ফোর্স উপস্থিত ছিল।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.