চুনারুঘাট প্রতিনিধি | ০৫ নভেম্বর, ২০২০
জমির মালিকানা নিয়ে বিরোধে হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ৫ ভাই রামদার কোপে আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের সাবেক মেম্বার মৃত আ. মন্নানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মমিন তার বাড়ি থেকে গাজীগঞ্জ বাজারে যাওয়ার পথিমধ্যে একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ছায়েদ মিয়া, জাহেদ মিয়া ও দৌলত মিয়া মমিনের গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে আহত করে।
খবর পেয়ে মমিনের ভাই সুজন মিয়া, সুমন মিয়া, মামুন মিয়া ও মাশফিক মিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও রামদা দিয়ে কুপিয়ে আহত করে।
আহতদের চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় মমিনুল ইসলাম মমিন (৩৭), সুজন মিয়া (১৮) ,সুমন মিয়া (২১) সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত মামুন মিয়া (৩৫) ও মাশফিক মিয়াকে (৪৭) চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।