Sylhet Today 24 PRINT

করোনাকালে সারাবিশ্ব স্থবির হলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি: পরিবেশমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণে সারাবিশ্ব স্থবির হলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান আছে। বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়ন দেখে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে জুড়ী উপজেলায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত ৮২ মিটার দৈর্ঘ্যের জাঙ্গিরাই সেতু উদ্বোধন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জুড়ী উপজেলায় জুড়ী নদীর উপর ৪ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে বৃন্দার ঘাট পয়েন্ট এবং ৩ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে কয়লাঘাট পয়েন্টে ৬০ মিটার দীর্ঘ দুটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে সবকিছু স্থবির হলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি। বরং করোনাকালেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু কমেছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের মাঝে গৃহের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির জন্য দেশের মানুষ শান্তিতে আছে। তিনি বলেন, বৃন্দার ঘাট পয়েন্ট ও কয়লাঘাট পয়েন্টে দুটি সেতু নির্মিত হলে জনগণের যোগাযোগে অনেক সুবিধা হবে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা প্রমুখ।

উল্লেখ্য, বুধবার বনমন্ত্রী বড়লেখা উপজেলায় ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.