নবীগঞ্জ প্রতিনিধি | ০৬ নভেম্বর, ২০২০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার কান্দিগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজী শেখ আব্দুল আলীর পুত্র লন্ডন প্রবাসী শেখ মাসুদের বাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতেও তিনি গাড়ি রেখে বাড়িতে যান। সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের ছোড়া আগুনে ঢাকা মেট্রো. চ-১৪-০৬৫৮ নম্বরের লুসিডা মাইক্রোবাসটি পুড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, প্রবাসী শেখ মাসুদ জানান, তারা সপরিবারে লন্ডনে বসবাস করেন। সম্প্রতি তারা ৩ ভাই ও পিতাসহ একই পরিবারের ৬ জন প্রবাসী দেশে আসেন। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদের কোন প্রতিপক্ষ এ ঘটনা করতে পারে বলে সন্দেহ করছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, অভিযোগ পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।