Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পুলিশের মামলায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার

নির্বাচনে সরকারি কাজে বাঁধা

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৬ নভেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথে গত ২৯ অক্টোবর ভোট কেন্দ্রের সামনে ব্যালট বহনকারী গাড়ি ভাঙচুর, কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় পুলিশের মামলায় নাজমুল হাসান শিমুল (৩০) নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী নাজমুল উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আরশ আলীর ছেলে।

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার রাতে থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেতৃত্বে একদল পুলিশ শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, প্রায় ১৭ বছর পর গত ২৯ অক্টোবর বিশ্বনাথের দশঘর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে দশঘর এনইউ উচ্চ-বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে পিকআপযোগে প্রিজাইটিং কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা রওয়ানা দেন। এসময় ব্যালট বাক্স ছিনিয়ে নিতে ধানের শীষের প্রার্থী এমাদ খান ও তার সমর্থকরা হামলা চালিয়ে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৪১০৮) গাড়ির গ্লাস ভাঙচুর করেন। এমনকি প্রিজাইটিংসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখে সরকারি কাজে বাঁধা দেন। এসময় পুলিশ ২রাউন্ড রাবার বুলেট ও ৩রাউন্ড রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার একদিন পর গত ৩১ অক্টোবর শনিবার সকালে থানা পুলিশের এসআই নূর হোসেন বাদি হয়ে নির্বাচিত বিএনপির (ধানের শীষের প্রার্থী) এমাদ উদ্দিন খানকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলাটি দায়ের করেন, (মামলা ২০)। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ১২০জনকে অজ্ঞাতনামা রাখ হয়।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, ভোটকেন্দ্রের সামনে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া নাজমুুল এজাহার নামীয় ৮নং আসামি। এছাড়া ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.