Sylhet Today 24 PRINT

বাউল রণেশ ঠাকুরকে আর্থিক সহায়তা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২০

বাউল শাহ আব্দুল করিমের শিষ্য ও বাউল রুহী ঠাকুরের ছোটভাই বাউল রণেশ ঠাকুরের সুনামগঞ্জের দিরাই উজান ধল গ্রামের বসতঘর ও গানের আসরঘর সম্প্রতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দেশে বিদেশে নিন্দার ঝড় উঠে। উপস্থিত সময় অনেকেই ক্ষতিগ্রস্থ বাউল রণেশ ঠাকুরের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং অনেকে সহযোগিতা করেন।

রণেশ ঠাকুর জানান, মানুষের আর্থিক সহযোগিতা যা পেয়েছেন তা দিয়ে পাথর, ইট, বালি, সিমেন্ট ক্রয় করে ঘরের পাকা খুঁটি ও নীচ অংশের কাজ করেছেন। এখন আর্থিক অনটনের কারণে ঘর সম্পুর্ণ করা সম্ভব হচ্ছে না। অবশ্য একজন প্রবাসী পুরো ঘরটি করে দিবেন বলে ঘোষণা দিয়েছিলেন। বাউল এই প্রবাসীর অপেক্ষায় আছেন।

বাউল রণেশ ঠাকুরের পাশে দাঁড়াতে কবি ও গবেষক আলমগীর শাহরিয়ার উদ্যোগ গ্রহণ করেন। বন্ধু ও শুভাকাঙ্খিরা মিলে প্রায় অর্ধলক্ষ টাকা উত্তোলন করে  ক্ষতিগ্রস্থ রণেশ ঠাকুরের গ্রামের বাড়ি দিরাই উজান ধল গিয়ে বাউলের হাতে টাকা তুলে দেন আলমগীর শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র স্টাফ রিপোর্টার সাঈদ নোমান, ভাটিবাংলা বাউল একাডেমি ও গবেষণা কেন্দ্রের (ভাবাবেগ) সাধারণ সম্পাদক দুলন চৌধুরী।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.