তাহিরপুর প্রতিনিধি | ০৬ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের চাল উদ্ধারের একদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় মামলা দায়ের করা হয় নি। স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি সিন্ডিকেট।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর)রাতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুছের বাড়ির পাশের একটি ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ কেজি চাল উদ্ধার করে তাহিরপুর খাদ্য গুদাম কর্তৃপক্ষ ও তাহিরপুর থানার পুলিশ।
জানা যায়, উপজেলার বড়দল (দক্ষিণ)ইউনিয়নের জামতলা বাজারে বৃহস্পতিবার(৫ নভেম্বর)ভোরে জামতলা বাজারস্থ খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হারুন মিয়ার গুদাম থেকে ১৫ বস্তা চাল চুরি হয়। বিষয়টি তিনি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজুর রহমানকে অবগত করেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান ও তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দক্ষিণ বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুছের বাড়ির পাশের একটি ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ কেজি চাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত চাল জামতলা বণিক সমিতির সভাপতি মুছা মিয়ার জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুল কুদ্দুছের সাথে যোগাযোগ করা যায় নি।
তাহিরপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক বি এম মুশফিকুর রহমান চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডিলার হারুন মিয়া বাদী হয়ে মামলা দায়েরের কথা থাকলেও এখন পর্যন্ত তিনি মামলা দায়ের করেননি।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া জানান, এ বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।