Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে তেল সংগ্রহে মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় শনিবার সকালে তেলবাহী একটি ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশের এলাকায়। এই তেল সংগ্রহ করতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।

সেখানে সরজমিনে দেখা যায়, স্থানীয়রা যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন। কেউ বালতিতে করে কেউ হাড়িতে করে। এছাড়া অনেককে দেখা গেছে মগ-বাটি-গ্লাসে করে তেল সংগ্রহ করতে।

বিজ্ঞাপন

রীতিমত সেখানে তেল সংগ্রহে এক প্রকারের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।  এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।

ঘটনাস্থলে থাকা তানভীর আঞ্জুম নামে এক স্থানীয় এক ব্যক্তি জানান, শত শত মানুষ তেল সংগ্রহ করছে। ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল বলে তিনি ধারণা করছেন।

এদিকে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.