Sylhet Today 24 PRINT

লাক্কাতুরায় ট্রাকচাপার যুবক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০২০

ফাইল ছবি

সিলেটের বিমানবন্দর সড়কের লাক্কাতুরায় পাথরবাহী ট্রাক চাপায় পিয়াস চক্রবর্তী (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের মামা পুর্নেন্দু ভট্টাচার্য্য যীশু বাদী হয়ে শনিবার (৭ নভেম্বর) বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে গেলেও তার সহযোগি (হেলপার) কে আটক করেছে পুলিশ।

আটক আলী হোসেন (১৯) কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আর ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) এ বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুরায় ট্রাক চাপায় নিহত হন পিয়াস চক্রবর্তী। এতে আরও দুইজন আহত হন।

পিয়াস চক্রবর্তী সিলেট সিটি করপোরেশনের পানি সাপ্লাই বিভাগে কাজ করতেন। এ ঘটনায় আহতরা হলেন, সাঘরদিঘির পাড় এলাকার সুদীপ দাসের ছেলে রনি দাস (৩০) ও বাঘবাড়ী এলাকার রইছ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫)। দুইজনই ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.