Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে আগুনে পুড়ল ১২ ব্যবসা প্রতিষ্ঠান

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৯ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আজমিরীগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ী মখলিছ মিয়ার পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জ স্টেশনে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই মোটরসাইকেলের যন্ত্রাংশের দোকান, কাপড়ের দোকান, মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার ও মুদি দোকানসহ প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ও পৌর প্রশাসক গোলাম ফারুকসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ইউএনও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১২টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে অর্ধকোটি টাকার ওপর ক্ষতির সাধন হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.