Sylhet Today 24 PRINT

দুপুরে আদালতে তোলা হবে আকবরকে, রিমান্ড চাইবে পিবিআই

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২০

সিলেটে গ্রেপ্তার হওয়া পুলিশের বহিস্কৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়াকে আজ মঙ্গলবার আদালতে তোলা হবে। দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে তোলে তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন।

তিনি জানান, সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবেদর জন্য তার রিমান্ডের আবেদন করা হবে।

রায়হান নিহতের সময় আকবর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের দায়ি্বে ছিলেন। তার নেতৃত্বেই রায়হানকে নির্যাতন করা হয় বলে আদালতকে জানিয়েছেন এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য পুলিশ সদস্যরা।

সোমবার রাতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে রায়হান আহমদকে পিবিআই'র কাছে হস্তান্তর করা হয়। পিবিআই'র একটি দল পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে নিয়ে যায়। সন্ধ্যায় কানাইঘাট থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আকবরকে পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়।

এরআগে সোমবার সকালে সিলেটের কানাইঘাট উপজেলার লক্সীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত থেকে গ্রেপ্তার হন আকবর। ভারতে পালানোর সময় সাদা পোষাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে সিলেট মহানগরের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে পরিবারকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগও ওঠে। পরিবারের সদস্যরা সকালে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন। এ ঘটনার শুরুতে ছিনতাইকারী সন্দেহে নগরীর কাস্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান নিহত হয়েছেন বলে প্রচার চালায় পুলিশ। কিন্তু গণপিটুনিস্থল হিসেবে যে স্থানটির কথা বলেছিল পুলিশ, সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ওই রকম কোনো দৃশ্য দেখা যায়নি।

এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ এনে মামলা করেন।

এরপর পুলিশের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে বরখাস্ত ও তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এই মামলায় আকবর ছাড়াও আর তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রায়হান নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা। তিনি সিলেটের স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের সহকারি হিসেবে কাজ করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.