Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার এড়াতে খাসিয়াদের বেশ ধরেছিলেন আকবর

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২০

গ্রেপ্তার এড়াতে খাসিয়াদের মতো বেশ ধরেছিলেন পুলিশের বহিস্কৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হােসেন ভূইয়া। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান এই অভিযুক্তকে সোমবার সকালে কানাইঘাট সীমান্ত থেকে আটক করা হয়। এ সময় তার খাসিয়াদের মতো বেশভূষা দেখা যায়।

আটকের পর ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওচিত্রে দেখা যায়, আকবরের মুখে দাড়ি। পরনে খয়েরি রঙের ফুল হাতা শার্ট। গলায় মালা। প্রথম দেখায় বুঝার উপায় নেই এই সেই পুলিশ কর্মকতা আকবর।

এ সময় তাকে আটককারী যুবকদের সাথে ভাঙা ভাঙা হিন্দিতেও কথা বলতে দেখা যায়। পালিয়ে ভারতের খাসিয়াপল্লিতে আশ্রয় নেওয়ার কারণ অনেকটা কান্নার সুরে বলছিলেন তিনি।

সিলেটের কানাইঘাট সীমান্তের ডোনা এলাকা থেকে আকবরকে বাংলাদেশের পুলিশের কাছে সোপর্দ করার আগের ভিডিওতে এ রকম চিত্র দেখা গেছে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশে সোপর্দ করার আগে আকবরকে সকাল সাড়ে ১০টার দিকে ধরা হয়। এরপর রশি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করা হয়।

সিলেট নগরীর আখালিয়া নিহারিপাড়ার বাসিন্দা রায়হানকে ১০ অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরের দিন ১১ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে তাঁর স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেনসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। পরের দিন থেকে তিনি লাপাত্তা ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.