সিলেটটুডে ডেস্ক | ১০ নভেম্বর, ২০২০
সিএনজি অটোরিকশায় গ্রিল সম্পর্কিত বিষয়ে মামলা না দেওয়াসহ ৬দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সিলেট জেলা সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন সিলেট জেলা সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, টেক্সীকার মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার মালিক সমিতির ৬দফা দাবির ব্যাপারে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে মালিক সমিতির নেতৃবৃন্দ প্রতিবাদ র্যালি স্থগিত করেন বলে জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, টেক্সীকার মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলোয়ার, কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহ সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক বুলবুল আহমদ, অর্থ সম্পাদক হানিফ মিয়া, সহ অর্থ সম্পাদক আলমগীর আলম,সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক ওলিউর রহমান বাবুল, প্রচার সম্পাদক ইয়াহহিয়া, কল্যাণ সম্পাদক বেলাল আহমদ, কার্যনির্বাহী সদস্য আনছার আলীসহ বিভিন্ন উপ-কমিটির মালিক শ্রমিক নেতৃবৃন্দ ।
জানা গেছে, সিলেট মেট্রোপলিটন এলাকায় গত ৬ নভেম্বর থেকে সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর জন্য মাইকিং করে প্রচারণা চালিয়ে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার নগরীর বন্দরবাজার, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় এমন মাইকিং করতে দেখা গেছে। প্রচারণায় ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে চালক, মালিক ও যাত্রীসহ সকলের সহযোগিতা চাওয়ায় হয়েছে।
এরই প্রতিবাদে সিলেট জেলা সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, টেক্সীকার মালিক সমিতির পক্ষ থেকে, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির প্রধান কার্যালয় থেকে প্রতিবাদ র্যালিসহকারে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
৬ দফা দাবীর মধ্যে অবৈধ নাম্বারবিহীন সিএনজি স্থায়ীভাবে চলাচল বন্ধ করতে হবে, অবৈধ ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক চলাচল বন্ধ করতে হবে, নিয়মবহির্ভূত ভাবে অত্যধিক মালামাল বাস গাড়ী পরিবহণ করতে পারবে না, সিলেট জেলার মেট্রোপলিটন এলাকার রোডসমূহ হাইওয়ে মুক্ত করতে হবে, সিএনজি অটোরিকশায় গ্রিল সম্পর্কে মামলা দেয়া যাবে না।
সিলেট জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি শাহ মো. দিলোয়ার বলেন, সিএনজি গাড়ীতে গ্রিল লাগানোসহ বিভিন্ন পরিবহণ আইনের প্রেক্ষিতে সিলেটের রোড সমূহে সিএনজি চলাচল বন্ধের উপক্রম হয়েছে। তাই আমাদের সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে ৬ দফা দাবি পেশ করা হয়েছে। আমাদের দাবির প্রতি জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার একমত পোষণ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেছেন। ফলে আগামীকাল থেকে গ্রিল সম্পর্কে পুলিশ আপাতত সিএনজি গাড়ীকে কোন ধরণের মামলা দিবে না।