Sylhet Today 24 PRINT

সরকারি ডাক্তার ব্যস্ত ডায়াগনস্টিক সেন্টারে

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১২ নভেম্বর, ২০২০

ডা. বদিউল আলম ভূঞা। সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার। কাগজে-কলমে তিনি দায়িত্ব পালন করেন সদর হাসপাতালে। কিন্তু অভিযোগ রয়েছে কর্মঘন্টার বেশিরভাগ সময়ই তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে সময় পার করেন।

বিষয়টি জানাজানির পর উর্ধতন কর্তৃপক্ষ তাকে একাধিকবার সতর্কও করে। কিন্তু কোনো কাজ হয়নি। সরকারি দায়িত্ব রেখে তিনি শহরের মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা অব্যাহত রাখেন। বুধবার (১১ নভেম্বর) শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তাকে সেখানে পাওয়া যায়।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে শহরের সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাহিরুল আলমের নেতৃত্বে এই অভিযান চলাকালে তাকে (ডা. বদিউল আলম ভূঞা) মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে দেখা যায়। এ সময় তাকে দ্রুত ডায়াগনস্টিক সেন্টার ত্যাগের নির্দেশ দেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ডা. বদিউল আলম ভূঞা সাংবাদিকদের বলেন, ‘আমি সদর হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডিউটি করেছি। দুপুরে মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে আমার রোগী আসার কথা ছিল। তাই আমি দুপুরে এখানে বসি। কিন্তু ওই সময় সিভিল সার্জন স্যার চলে আসায় এ সমস্যা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্যাররা আমাদের প্রায়ই বলেন অফিস সময়ে প্রাইভেটে না বসতে। কিন্তু আমার একজন রোগী আসার কথা থাকায় আমি এখানে এসেছিলাম। আমার ভুল হয়েছে।’

সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্ত্তী বলেন, ‘বদিউল আলম ভূঞাকে আমরা অনেকবার সর্তক করেছি অফিস টাইমে এসব না করতে। কিন্তু আজ সিভিল সার্জন স্যার নিজেই তাকে প্রাইভেটে বসা অবস্থায় পেয়েছেন। আমরা তাকে অনেক সুযোগ দিয়েছি। এবার ব্যবস্থা নেওয়া হবে।’

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ‘বদিউল আলম যা করেছেন তার শাস্তি তিনি পাবেন। আমি নিজেও তাকে একবার সতর্ক করেছিলাম। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.