Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা বাগান থেকে উদ্ধারকৃত তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে

চারদিন আগে নিখোঁজ হয়েছিল তরুণী

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে। তরুণীর নাম রেশমা বেগম (১৮)। সে মাধবপুর চা বাগানের চা শ্রমিক মৃত আ. রহিমের ছোট মেয়ে। ২০১৮ সালে সে এসএসসি পাস করে। চার দিন আগে সে বাড়ি থিকে নিখোঁজ হয়েছিল। নিহতের পরনের জামা, গলার লকেট ও পায়ের নূপুর দেখে তার ভাই রহমত মিয়া বোনের লাশ শনাক্ত করে। নিখোঁজের সঠিক কোন কারণ জানা যায়নি।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫টায় দেওড়াছড়া চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তরুণীর গলিত লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এসময় লাশের ছবি তোলা হলে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। সেই ছবি দেখেই পরিবার সদস্যরা প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করেন। পরে শনিবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে চূড়ান্তভাবে লাশটি শনাক্ত করেন পরিবার সদস্যরা।

কমলগঞ্জ থানার ওসি আরও বলেন আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.