Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আবদুস সালাম (৩৮) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুস সালাম উপজেলার সদর ইউনিয়নের নৈন গাঁও গ্রামের মুমশ্বর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালাম উপজেলার গোরেশপুর গ্রামে লন্ডন প্রবাসী কামরান আবদুল হাইয়ের বাড়িতে নৈশপ্রহরীর কাজ করতেন। ওই বাসাতেই তিনি পরিবার নিয়ে থাকতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিরা রাতে তাকে মেরে ফেলে চলে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ‘

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.