Sylhet Today 24 PRINT

সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স আদায়

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২০

সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। এছাড়াও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা ও ট্রেড লাইসেন্স না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১০ হাজার টাকার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরীর জিন্দাবাজার-বন্দরবাজার এলাকায় মধুবন মার্কেট, সমবায় মার্কেট ও আশপাশ এলাকায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিসিক সূত্রে জানা যায়, অভিযানে ২ লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বেআইনিভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। ভ্রাম্যমান আদালতের ধার্যকৃত জরিমানার ১০ হাজার টাকা নগদ আদায় করা হয় ভ্রাম্যমান আদালতের অভিযানে।অবৈধভাবে সড়ক দখল, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোলিং ট্যাক্স আদায়ে সিলেট সিটি করপোরেশন নিয়মিতভাবে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলে সিসিকের পক্ষ থেকে জানানো হয়।

সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশনের কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, বাজার, লাইসেন্স শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.