Sylhet Today 24 PRINT

আজহারীর ‘অনুসারী’ মহসিন, ছিলেন মাদকাসক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ১৮ নভেম্বর, ২০২০

ফেসবুক লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি প্রদানকারী মহসিন তালুকদারকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব- ৯। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণশি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। সেখানে স্ত্রীর বড়বোনের বাড়িতে মহসিন আত্মগোপন করেছিলেন।

মহসিন তালুকদার নিজের যে ফেসবুক একাউন্ট থেকে সাকিবকে হত্যার হুমকি দেন সেই ফেসবুক একাউন্ট ঘেঁটে দেখা গেছে, তিনি বিতর্কিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর অনুসারী ছিলেন। আজহারির নামে ৭টি ফেসবুক পেজে তার লাইক রয়েছে। এছাড়া যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মাওলানা দেলাওয়ার হোসেইন সাঈদীর নামে একটি ফেসবুক পেজেও লাইক রয়েছে মহসিনের। এসব ছাড়া দেশি বিদেশি বিভিন্ন নারীদের ছবি দিয়ে খোলা অসংখ্য ফেসবুক পেজে মহসিনের লাইক রয়েছে। এসব পেজে নারীদের খোলামেলা ছবি রয়েছে।

মহসিন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।

মহসিনের কোনো রাজনৈতিক পরিচয় আছে কী না তা নিশ্চিত করতে পারেননি টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ। তিনি বলেন, মহসিন মাদকাসক্ত। সে হেরোইন সেবন করে। তার পরিবারের বাকি সবাই ভাল মানুষ। মাদকাসক্ত হয়ে সে ক্রিকেটার সাকিব আল হাসানকে এমন হুমকি দিয়েছে। এজন্য আমরা এলাকাবাসী লজ্জিত।

আর মহসিনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম জানান, সাকিবের একজন অন্ধভক্ত মহসিন তালুকদার। সোশ্যাল মিডিয়ায় সাকিবের পূজা উদ্বোধনে যাওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে তিনি এমন আচরণ করেন।

মহসিন তালুকদারের ফেসবুক ঘেঁটে দেখা যায়, মিজানুর রহমান আজহারী, মাওলানা মিজনুর রহমান আজহারী ওয়াজ, আজহারী ফ্যান ক্লাব, আজহারী বয়ান এরকম বিভিন্ন নামে মিজানুর রহমান আজহারীর অনন্ত ৭টি ফেসবুক পেজে লাইক রয়েছে তার। এছাড়া আল্লামা সাঈদী তফসির নামে আরেকটি পেজে লাইক রয়েছে।

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ইসলামের অপব্যাখ্যা, জঙ্গিবাদ উসকে দেওয়া ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন জামায়াতে ইসলামের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে।

ইউটিউবে ছড়িয়ে পড়া আজহারির বিভিন্ন ওয়াজে দেখা গেছে, তিনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে কথা বলছেন।

আজহারীর বিরুদ্ধে ইসলামের নামে অপব্যাখ্যার অভিযোগ উঠলে চলতি বছরের ২৮ জানুয়ারি প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছিলেন, 'এই আজহারী-মাজহারী এরা যেসব কথা বলে, এরা কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রোডাক্ট। বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত তার শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করেছে জামায়াত। জামায়াতের টাকা-পয়সায় শিক্ষিত হয়ে এই মুহূর্তে প্রকাশ্যেই তারা জামায়াতের কথা বলতো, কিন্তু প্রকাশ্যে জামায়াতের কথা বলার রাজনৈতিক সুযোগ না থাকায় খুব কৌশলে যেসব কথাবার্তা বলে, যেসব ওয়াজ করে, হাদিস-কোরআন সম্পর্কে যেসব ব্যাখ্যা দেয় তার অধিকাংশই মিথ্যা এবং আজেবাজে কথা।'

মন্ত্রীর এমন বক্তব্যের কিছুদিন পরই দেশ ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমান আজহারী।

সদর উপজেলার টুকের বাজার এলাকা মহানগরের জালালাবাদ থানার অন্তর্ভুক্ত। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বলেন, ‘মহসিন বখাটে টাইপের ছেলে। সে তেমন কিছু করতো না। সে মাদকাসক্ত ছিলো বলে এলাকাবাসী জানিয়েছেন।’

মঙ্গলবার বিকেলে টুকেরবাজার এলাকায় মহসিনের বাড়িতে গেলেও তাদের পরিবারের কোনো সদস্য কথা বলতে রাজী হননি।

মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তারের পর বিকেলে এ বিষয়ে র‌্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন তালুকদার বলেছে সে ক্রিকেটার সাকিব আল হাসানের অন্ধভক্ত। সম্প্রতি সাকিবের ভারতের কালীপূজায় উপস্থিত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে ধারালো অস্ত্র দেখিয়ে সাকিবকে হত্যার হুমকিসহ নানা মন্তব্য করে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটানো এবং দেশবাসীর কাছে সাকিবকে ক্ষমা চাওয়ানোর জন্য মহসিন এই কাজ করেন বলে সংবাদ সম্মেলনে জানান এই র‌্যাব কর্মকর্তা।

লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম জানান, কারো প্ররোচনায় নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার পেছনে, কারো ইন্ধন পায়নি র‌্যাব।

এরআগে সোমবার রাতে সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে এ মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.