গোলাপগঞ্জ প্রতিনিধি | ১৮ নভেম্বর, ২০২০
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস এর কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সারা দেশের ন্যায় তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্মবিরতি চলমান থাকার কারণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সেবা প্রত্যাশীরা সেবা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন।
কুশিয়ারা অঞ্চল থেকে আসা মীরগঞ্জ এলাকার জিল্লুর রহমান জানান, একটা জরুরি কাজে আমি উপজেলায় এসেছিলাম। কর্মবিরতির কারণে আমার কাজটা হচ্ছে না।
উপজেলা ভূমি অফিসে ফুলবাড়ি ইউনিয়ন থেকে আসা শফিকুর রহমান জানান, অফিস সহকারীদের কর্মবিরতির কারণে খুবই বিপাকে পড়েছি আমরা। দ্রুত এই সমস্যা সমাধান না করলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে প্রতিদিন শত শত মানুষ সেবা গ্রহণের জন্য আসেন কিন্তু কর্মবিরতির কারণে সাধারণ সেবা প্রত্যাশীদের ভোগান্তি এখন চরমে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের অফিস সহকারী মো. রুহুল আমিন জাকারিয়া জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক কর্মবিরতি পালন করে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পুনরায় কাজে যোগ দেবেন না।
উপজেলা ভূমি অফিসের নাজির অসিত পাল বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কর্মবিরতি পালন করে যাচ্ছি। সাধারণ সেবা প্রত্যাশীদের সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সচিবালয়ের ন্যায় আমাদের পদ পদবী পরিবর্তন, বেতন গ্রেড উন্নীতকরণ এবং নিয়োগ বিধি প্রণয়ন আমাদের মূল দাবি।
এ সময় আরও বক্তব্য দেন ইউএনও অফিসের অফিস সহকারী মুহাম্মাদ আব্দুন নূর, শিপন আলী, সার্টিফিকেট সহকারী গোলাম মোস্তফা এবং উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী আব্দুল ওয়াহিদ, হাসনাত জামান, ময়মুল হক প্রমুখ।